ফাঁসির দণ্ড থেকে মুক্ত হয়ে ১৭ বছর পর ভোটার লাইনে এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাওয়ার পর ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার আগে প্রায় আধা ঘণ্টা সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় তাকে।

ভোট প্রদান শেষে প্রতিক্রিয়ায় এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘এটা ১৭ বছর পরের ভোট। ১৫ বছর তো জেলেই ছিলাম। আর বাইরে থেকেও অনেকেই ভোট দিতে পারেনি। এজন্য অত্যন্ত আনন্দিত ও খুশি যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে।’

রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নং-৩-এ এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯৮১ জন।

এ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।