ভোট এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে মানুষের যে অভাবনীয় উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যাচ্ছে, তা সত্যিই প্রত্যাশার চেয়ে বেশি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমার বিশ্বাস, নির্বাচনে ভালো রেজাল্ট আসবে এবং ফলাফলও সন্তোষজনক হবে। এর মাধ্যমে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে, যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই করেছি।’ তিনি নির্বাচনে বিজয়ের বিষয়েও যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী মাঠে রয়েছেন।

তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।