আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

জনগণের রায়ের মাধ্যমে আগামীকাল থেকে এক ‘নতুন বাংলাদেশ’-এর পথচলা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনে ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসার আগ পর্যন্ত আগামী কয়েক ঘণ্টা ভোটার ও নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ আজ এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি, দ্রুত ভোটকেন্দ্রে গিয়ে আপনার পবিত্র আমানত প্রদান করুন।’

ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে আসুন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

উল্লেখ্য, আজ দেশের ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন কেন্দ্রগুলোতে চলছে গণনা। নাহিদ ইসলামের এই বার্তা মূলত ভোট পরবর্তী নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তার সমর্থকদের প্রতি এক বিশেষ নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।