ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনের ফলাফল আসতে শুরু করেছে। এই আসনের মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪০টি কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল নিশ্চিত করা হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪০টি কেন্দ্রে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ২৭০ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা ৬ হাজার ৮৫১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ভোলা-১ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১১৪টি। ৪০ কেন্দ্রের ফলাফল আসতেই আন্দালিব রহমান পার্থের সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গেছে। বাকি কেন্দ্রগুলোর ফলাফলও দ্রুততর সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন চলছে দ্রুতগতিতে গণনা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়া।