ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীক নিয়ে লড়া এই তরুণ নেতা ধানের শীষের হেভিওয়েট প্রার্থী এম এ কাইয়ুমকে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। এর বাইরে পোস্টাল ব্যালটে আরও ৮৬৬টি ভোট সংগৃহীত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্যমতে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন এবং নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন।
ভোটের শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। দিনভর টানটান উত্তেজনার পর রাতে ঘোষিত এই ফলাফল কাইয়ুম সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করলেও শাপলা কলি প্রতীকের শিবিরে আনন্দের জোয়ার বয়ে এনেছে। বিজয়ের পর নাহিদ ইসলামের অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল ও বিজয় উল্লাস করেন।