ঢাকা-১২ আসনের নির্বাচনি ফলাফলে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এ আসনে আমজনতা দলের সদস্য সচিব ও প্রজাপতি প্রতীকের প্রার্থী মো. তারেক রহমান মাত্র ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন। অবাক করার মতো বিষয় হলো, এই আসনে বাতিল হওয়া ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি। অর্থাৎ, তারেক রহমান বাতিল হওয়া ভোটের অর্ধেকও পাননি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম (দাঁড়িপাল্লা প্রতীক)। তিনি ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এছাড়া ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২৯ হাজার ৮৬৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানায়, ঢাকা-১২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ২৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ।
বিজয়ী প্রার্থী সাইফুল আলম তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই আসনে বাতিল ভোটের সংখ্যা প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে বেশি হওয়ায় এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।