বগুড়া-২:

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বড় ধরনের ভরাডুবি হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি ও আলোচিত রাজনীতিক মাহমুদুর রহমান মান্নার। নির্বাচনে অংশ নিয়ে তিনি ন্যূনতম ভোটারদের সমর্থন টানতে ব্যর্থ হয়েছেন এবং শেষ পর্যন্ত হারিয়েছেন জামানত।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত ফলাফল অনুযায়ী, ‘কেটলি’ প্রতীক নিয়ে মাহমুদুর রহমান মান্না পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি। বিধি অনুযায়ী, জামানত রক্ষা করতে হলে একজন প্রার্থীকে মোট বৈধ ভোটের অন্তত ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সেই হিসাবে মান্নার প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ১.৪ শতাংশ ভোট, যা জামানত রক্ষার সীমার অনেক নিচে।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, আসনটি মান্নার জন্য ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শেষ মুহূর্তে বিএনপি জোটগত সমঝোতায় না গিয়ে মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। ভোটের ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের মীর শাহে আলম ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৩ হাজার ৫৪৮ ভোট।

উল্লেখ্য, শিবগঞ্জ আসনে এবার ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক, প্রায় ৭২.৬৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় দুই দলের সরাসরি লড়াই এবং জোটের সমর্থন না পাওয়ায় মান্নার এই করুণ পরাজয় হয়েছে।