ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই জয় শুধু বিএনপির নয়, বরং এটি সারা বাংলাদেশের আপামর জনসাধারণের জয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় দল। এ দলের সঙ্গে জনগণের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি জড়িয়ে রয়েছে। গত কয়েক বছরে নানা প্রতিকূলতা, গুম, খুন ও হামলা-মামলার শিকার হয়েও তৃণমূলের মানুষেরা দলের পাশ থেকে সরেনি। জনগণের এই অসাধারণ ভালোবাসারই বহিঃপ্রকাশ আজকের এই অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়।’
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘জনগণ আমাদের নেতা তারেক রহমানের ওপর যে আস্থা রেখেছেন, ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। আগামী বিএনপি সরকার হবে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার। অনেক শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্রকে আমরা অটুট রাখব।’
তিনি বিশ্বাস করেন, আগামী দিনে এই সরকার প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুনিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী:
বিএনপি: ২০৯টি আসন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি আসন।
বিএনপি জোটের শরিক: বিজেপি (১), গণসংহতি আন্দোলন (১) এবং গণঅধিকার পরিষদ (১)।
১১ দলীয় জোট (জামায়াত নেতৃত্বাধীন): এনসিপি (৬), বাংলাদেশ খেলাফত মজলিস (২) এবং খেলাফত মজলিস (১)।
স্বতন্ত্র প্রার্থী: ৭টি আসন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ১টি আসন।
সব মিলিয়ে বিএনপি ও তার শরিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে। দীর্ঘ বিরতির পর এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা পুনরায় প্রতিষ্ঠিত হবে বলে মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করেন।