বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়কের বাসায় যাচ্ছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াত আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় এবং রাত ৮টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের একজন কর্মকর্তা তার এই কর্মসূচির তথ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। জামায়াত ৬৮ ও এনসিপি ৬ আসন পেয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে।
সোমবার বা মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে, এমন আলোচনা চলছে।
তার আাগে শনিবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে আসেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে তিনি বাংলাদেশকে বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাখার পাশপাশি সহযোগিতা চেয়েছেন।
লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম বিএনপি চেয়ারম্যান সংবাদ সম্মেলনে এলেন। তার আগে তিনি সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছিলেন।