কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না: জামায়াত আমির

নির্বাচনোত্তর পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধের ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘোষণা করেছেন, জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না এবং যেখানেই আঘাত আসবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়াবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে নেতা-কর্মীদের ওপর একটি বিশেষ দলের উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। 

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক খবরও তাদের কাছে আসছে।

শফিকুর রহমান তাঁর পোস্টে সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই।’

পোস্টের শুরুতে তিনি নির্বাচনের পরবর্তী পরিবেশে তাঁর সহকর্মী ও দেশবাসী কেমন আছেন, সে বিষয়েও খোঁজ নেন।