ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের প্রস্তুতি ও রাজনৈতিক সংহতি রক্ষায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের বাসভবনে গিয়েছেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তারেক রহমান রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এর আগে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে গুলশান থেকে রওনা হয়ে মগবাজারে জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের পর তিনি নাহিদ ইসলামের বাসার উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের ৩টি আসনসহ বিএনপি জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন বড় বিজয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
তারেক রহমানের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক বার্তায় তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির এই জয়কে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।