সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না বিএনপি: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করলেও আজ ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বিএনপি দলীয় সংসদ সদস্যরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনের শপথ কক্ষে এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ এই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া বর্তমান সংবিধানে এই পরিষদের বিষয়টি এখনও অন্তর্ভুক্ত বা ধারণ করা হয়নি।’

তিনি আরও পরিষ্কার করেন যে, গণভোটের রায় অনুযায়ী যদি সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হয়, তবে সেটিকে আগে সাংবিধানিক বৈধতা দিতে হবে। পাশাপাশি এই পরিষদের সদস্যদের কে শপথ পাঠ করাবেন, সেই বিষয়ে সুনির্দিষ্ট আইনি বিধান থাকতে হবে। 

সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথের কোনো বিধান বর্তমানে সংবিধানে নেই। আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত চলছি এবং ভবিষ্যতেও চলব।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আজ সকাল পৌনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান। বিকেলেই নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসছে জামায়াতে ইসলামী।

সংবিধান সংস্কার পরিষদে বিএনপির এই শপথ না নেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক ও আইনি মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।