পবিত্র রমজান মাসের প্রথম দিনে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-১৩ নম্বরে অবস্থিত গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্টে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহফিলে জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এতিম শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে একই দস্তরখানে বসে ইফতার করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এবং বিশেষ করে এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান ছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।