আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলমকে চেয়ারম্যান এবং সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনগুলোতে যোগ্য প্রার্থী বাছাই ও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যেই এই কমিটি কাজ করবে।