আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ‘আমরা একটি নতুন গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি। বর্তমানে এনসিপি দেশের তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনেক প্রতিকূলতা পেরিয়ে আমরা সংসদ নির্বাচনে এসেছিলাম। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ রয়েছি।’
দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, দ্রুতই প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলে গিয়ে স্থানীয় পর্যায়ে এনসিপি’র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি থাকবে, তাদেরই নির্বাচনে মূল্যায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
জোটগত নির্বাচনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘এখন পর্যন্ত এনসিপি এবং জামায়াতে ইসলামী এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে জোটবদ্ধভাবে নির্বাচন হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে একদম শেষ মুহূর্তে।’
সংবাদ সম্মেলনে সারজিস আলম অভিযোগ করে বলেন, বর্তমান বিএনপি সরকার দলীয় তোষামোদকারীদের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে, যা সুষ্ঠু প্রশাসনের জন্য কাম্য নয়।
একই সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ জানান, এনসিপি প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন, জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে এনসিপি’র নিজস্ব প্রার্থী থাকবে বলে তিনি নিশ্চিত করেন।