সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই বিজয় উদ্যাপন ও দেশের কল্যাণে আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সারা দেশে বিশেষ দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বাদ জুমা সারা দেশের মসজিদে মসজিদে ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। একই সঙ্গে নতুন সরকারের অভিযাত্রায় দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে এই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তিতে তাদের নিজ নিজ উপাসনালয়ে (মন্দির, গির্জা ও প্যাগোডা) সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
নির্বাচনে বিপুল জয়ের পর এটিই নতুন সরকারের পক্ষ থেকে ঘোষিত প্রথম দেশব্যাপী ধর্মীয় ও সামাজিক কর্মসূচি।