ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার জেরে ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে কবি জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে। তবে আনুষ্ঠানিকভাবে চিঠি না দিয়ে ফেসবুকে নোটিশ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে এর লিখিত জবাব না দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এসব অভিযোগ ও নিজের অবস্থানের কথা জানান হামিম।
হামিম জানান, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ফেসবুক পেজে তিনি নিজের নামে একটি শোকজপত্র দেখতে পান। এরপর থেকে সাধারণ শিক্ষার্থী, নেতাকর্মী ও সংবাদকর্মীরা তাকে ফোন করে কারণ জানতে চাচ্ছেন। হামিম বলেন, ‘আমি দপ্তর সম্পাদক জাহাঙ্গীর ভাইকে ফোন দিয়ে কারণ জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এটি করা হয়েছে, তিনিও কারণ জানেন না।’
হামিম জানান, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীকে নিয়ে তিনি একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। তাঁর ধারণা, এই আয়োজন করার কারণেই তাকে শোকজ করা হয়েছে। তিনি বলেন, ‘বিগত ডাকসু নির্বাচনে আমি জিএস পদে প্রায় সাড়ে ৫ হাজার ভোট পেয়েছিলাম। শিক্ষার্থীদের প্রতি আমার একটি দায়বদ্ধতা রয়েছে, সেই জায়গা থেকেই আমি এই আয়োজনটি করেছিলাম।’
ব্যক্তিগতভাবে চিঠি না পাঠিয়ে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ করার তীব্র সমালোচনা করেন এই ছাত্রদল নেতা। হামিম বলেন, ‘আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজপত্র পাঠানো হয়নি। সরাসরি ফেসবুকে নোটিশ দিয়ে সারা দেশের মানুষের কাছে আমাকে বিতর্কিত করা হয়েছে। আমি নিশ্চয়ই এমন কোনো অপরাধ করিনি যে আমাকে পার্সোনালি চিঠি পাঠানো যাবে না। যেহেতু পদ্ধতিগত ভুল রয়েছে, তাই আমি এর কোনো লিখিত জবাব দেব না।’
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। আমার এই আয়োজনে যদি ছাত্রদলের কোনো ক্ষতি হয়ে থাকে, তবে আমি ক্ষমাপ্রার্থনা করছি। কিন্তু আমার সাথে অন্যায় হয়েছে কি না, তার বিচার আমি শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিলাম।’