সদ্য অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ও তা বাতিলের দাবি প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি প্রশ্ন তুলেছেন, যারা গণভোট বাতিলের কথা বলছেন, তারা কেন একইসঙ্গে জাতীয় নির্বাচন বাতিলের দাবি তুলছেন না?
সোমবার (২ মার্চ) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, ‘যদি গণভোট বাতিল হতে হয়, তবে জাতীয় নির্বাচন কেন নয়? গণভোট ও নির্বাচন তো একই প্রক্রিয়ার অংশ। এছাড়া ৫ আগস্ট পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৩৫টি অধ্যাদেশ জারি হয়েছে। গণভোট বাতিল হলে আইনি যুক্তিতে জাতীয় নির্বাচনসহ ওইসব অধ্যাদেশ ও সমস্ত সিদ্ধান্তও বাতিল হয়ে যাওয়ার কথা।’
আদালতের মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এটি আদালতের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়; যে সিদ্ধান্ত হওয়ার তা জাতীয় সংসদেই হতে হবে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি হবে আত্মঘাতী এবং শেষ পর্যন্ত তা রাজনৈতিক বুমেরাং হয়ে দাঁড়াবে।’
হাইকোর্টে দায়ের করা রিট প্রসঙ্গে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘আর মাত্র ১০ দিন পরেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা এবং এর ফল বাতিলের রিট করার পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে আমরা মনে করি।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ গণভোটের বৈধতা ও এর ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্ট গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়- রুল জারি করেছেন।