ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর লগ্নে রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দফা দাবিতে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলটির নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত থেকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অভিশংসন করা।
২. সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোট অনুযায়ী ‘জুলাই জাতীয় সনদ’ বা সংস্কার প্রস্তাবনা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
৩. জুলাই গণহত্যার বিচারিক প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করা।
বিক্ষোভ কর্মসূচিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আজকের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা বা না শোনার মাধ্যমেই জাতি দুই ভাগে বিভক্ত হবে। এর মাধ্যমেই স্পষ্ট হবে কারা ফ্যাসিবাদের পক্ষে আর কারা বিপক্ষ শক্তির প্রতিনিধি।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটে পাস হওয়া জুলাই সনদের প্রতিটি বিধান এই সংসদকে অবশ্যই মানতে হবে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে কোনো কাজ করা যাবে না।
অবস্থান কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ কয়েকশ নেতাকর্মী প্ল্যাকার্ড হাতে অংশ নেন। তারা স্লোগানে স্লোগানে রাষ্ট্র ও সংবিধানের আমূল সংস্কারের দাবি জানান।
এদিকে আজ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। এনসিপি নেতারা মনে করছেন, জুলাই বিপ্লবের ফসল হিসেবে গঠিত এই সংসদকে শুরুতেই জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের পথে হাঁটতে হবে। অন্যথায় জনতার কঠোর প্রতিরোধের মুখে পড়তে হবে।
বিক্ষোভকে কেন্দ্র করে সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।