রাজধানীর সদরঘাটে ঈদযাত্রায় মাঝনদীতে ট্রলার দিয়ে বড় লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের মাঝে পিষ্ট হয়ে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে আরও অন্তত ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট টার্মিনালের অদূরে এই ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, পন্টুনে ভিড় থাকায় ‘আসা যাওয়া-৫’ নামের একটি লঞ্চে মাঝনদী থেকে ট্রলারের মাধ্যমে যাত্রী তোলা হচ্ছিল। এসময় ‘জাকির সম্রাট-৩’ নামের আরেকটি লঞ্চ পেছন থেকে এসে ‘আসা যাওয়া-৫’ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের মাঝখানে পড়ে ট্রলারে থাকা যাত্রীরা পিষ্ট হন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন নদীতে পড়ে যান।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ তিনজনকে উদ্ধারে তাদের উদ্ধারকারী দল কাজ করছে। তবে অন্ধকার হয়ে আসায় উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
ঈদযাত্রার ষষ্ঠ দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো সদরঘাট এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ-র ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।