ডাকসু ভিপি সাদিক কায়েমকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করার খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১ মে) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাদিক কায়েম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং একই সাথে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এস এম ফরহাদ বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক বিধি অনুযায়ী, সংগঠনের যেকোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।’
তিনি আরও স্পষ্ট করেন যে, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যেকোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এমন ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি (IDEB) ভবনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক সম্মেলনে উপস্থিত নেতাদের পক্ষ থেকে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী করার প্রস্তাব উঠে আসে। ওই সম্মেলনে জামায়াতের শীর্ষ নেতাদের সাথে সাদিক কায়েম উপস্থিত থাকায় খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে শিবিরের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিকভাবে তা নাকচ করে দেওয়া হলো।