এনসিপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। পদ বাণিজ্য, অনৈতিক কর্মকাণ্ড এবং অযোগ্য ব্যক্তিদের মূল্যায়নের অভিযোগ তুলে নবঘোষিত কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন ২২ জন শীর্ষ নেতা। 

শুক্রবার (১৫ মে) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ।

গত বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করে এনসিপি। কিন্তু কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই দলের অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দেয়, যা শেষ পর্যন্ত গণপদত্যাগে রূপ নেয়।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, নতুন কমিটিতে ত্যাগী ও রাজপথের কর্মীদের অবমূল্যায়ন করে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পদত্যাগকারী সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, “আদর্শ ও স্বচ্ছ রাজনীতির প্রত্যাশা নিয়ে আমরা এনসিপিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান কমিটিতে সাজাপ্রাপ্ত আসামি, নারী কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যকে পদ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্বশীল কয়েকজন নেতার বিরুদ্ধে পদ বাণিজ্য, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে এবং কেন্দ্র থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

একযোগে পদত্যাগ করা ২২ জন নেতার মধ্যে রয়েছেন:
সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক); মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ (যুগ্ম সদস্যসচিব); রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক); ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান ও মোস্তফা রাশেদ আজগর (সহ-সাংগঠনিক সম্পাদক); মোহাম্মদ রাফসান জানি রিয়াজ (দপ্তর সম্পাদক), মো. নুরুদ্দীন (সমাজকল্যাণ সম্পাদক), মোহাম্মদ বেলাল হোসেন (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ওমর সাঈদ এবং তাহজীব চৌধুরী (সদস্য)।