বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সিটি করপোরেশন ব্যর্থ হলেও জামায়াতে ইসলামী সফলভাবে কোরবানির বর্জ্য অপসারণ করবে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডে রমনা সমাজকল্যাণ সোসাইটি–র উদ্যোগে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, 'অতীত অভিজ্ঞতা প্রমাণ করে সিটি করপোরেশন বর্জ্য অপসারণসহ সার্বিক কার্যক্রমে জনগণকে যথাযথ সেবা দিতে ব্যর্থ হয়েছে। তারা শুধু কথার ফুলঝুরি দেয়।'
তিনি জানান, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সকাল থেকেই কোরবানির পশু জবাই, গোশত প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। নিজেও কয়েকটি এলাকায় গিয়ে কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ পরিবারগুলোকে জামায়াতে ইসলামী নিজেদের পরিবারের অংশ মনে করে। শুরু থেকেই দলটি মানবিক দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, 'জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শহীদ পরিবারগুলোকে জামায়াতের পরিবার হিসেবে ঘোষণা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী দলের সব পর্যায়ের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছেন।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারীরা জাতীয় বীর এবং তাদের অবদান কখনো বিফলে যেতে দেওয়া হবে না।
এসময় ডাকসুর সাবেক ভিপি আবু সাদিক কায়েম বলেন, কোরবানির শিক্ষা হচ্ছে ত্যাগের শিক্ষা। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণকে ভবিষ্যতের জন্যও প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, 'নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ হতে দেওয়া যাবে না। আগামীর ঢাকা হবে জনতার ঢাকা।'
রমনা সমাজকল্যাণ সোসাইটি–র চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সাত্তার সুমন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ আল ফারুকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।