শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে শিখিয়েছেন কীভাবে সব মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে জাতীয় সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়। তিনি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শকে ধারণ করেই রাজনীতি করছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের দিনটি বিএনপি এবং দেশের গণমানুষের জন্য অত্যন্ত শোকাবহ ও স্মৃতিবিজড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার যে ঐতিহাসিক উত্থান ঘটেছিল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তিনি শেষ পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত রাজনৈতিক দর্শন। তাদের আদর্শকে ধারণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও শক্তিশালী করা হবে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় পরিচালনার অঙ্গীকার অব্যাহত থাকবে।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথাও স্মরণ করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।