এনসিপিকে ধুয়ে দিলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার সাবেক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দলটির কিছু সমর্থকের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এনসিপির কিছু সমর্থক তাকে ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তুলেছেন, সেই তুলনায় এনসিপি ও ঢাকা-৯-এর জনগণের অবস্থান কোথায়। একই সঙ্গে দলটির রাজনৈতিক অবস্থান ও আসনসংখ্যা নিয়েও মন্তব্য করেছেন তিনি।

রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ইংরেজিতে দেওয়া পোস্টে জারা এসব কথা লিখেছেন।

ইংরেজি ভাষায় লেখা তাসনিম জারার ফেসবুক পোস্টটি অনুবাদ করলে দেখা যায়; তিনি বলেছেন, স্পষ্টতই এনসিপির কিছু চমৎকার সমর্থক আমাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। আমি স্বীকার করছি, আমি কিছুটা অবাক হয়েছিলাম। মাসের পর মাস ধরে এই একই লোকগুলো আমার বদনাম করার পর, হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো? আমি ভাবলাম, তুলনাটা ঠিকঠাক করে দেখা যাক। এই গল্পে, কোন দলটা পিএসজি, আর রিয়াল মাদ্রিদই বা কে?

জারা আরও বলেন, এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি তো এইমাত্র টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল। আর এনসিপি জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের জন্য নতুন রাজনৈতিক সমঝোতার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। আর সেই জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে: বিএনপি ২০৯, জামায়াত ৬৮ এবং এনসিপি ৬। একটি চ্যাম্পিয়ন দল আর ছয় আসনের একটি দল- এই দুটো তো ঠিক মেলে না, তাই না?

এনসিপির এই সাবেক নেত্রী বলেন, নাকি তারা ঢাকা-৯ এর জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ এর জনগণই আমার একমাত্র দল। আমাকে স্বীকার করতেই হবে যে, ঢাকা-৯ এর জনগণকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করাটা অনেক বড় সম্মানের।