আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে তা না করা হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে ভেতরে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১ জুলাই, ২০২৬) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। এই বিচার প্রক্রিয়া আরও দ্রুত করার দাবি জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাসহ ওসমান হাদির মতো হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
শুধু নামকাওয়াস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন না করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার করার জোর দাবি জানান এই এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা। পাশাপাশি, সরকার এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে কোনো কর্মসূচি ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কর্মসূচি ঘোষণার তাগিদ দেন তিনি।
বক্তব্যের শেষ অংশে ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।