স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল রাষ্ট্রদূতের প্রথম সৌজন্য সাক্ষাৎ। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস এবং বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

আলোচনায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার উদ্যোগ, জুলাই জাতীয় সনদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণের বিষয়গুলোও উঠে আসে। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় রোহিঙ্গা ইস্যু, এর সম্ভাব্য সমাধান এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জসমূহ।

বিরোধীদলীয় নেতা বৈঠকে বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিন ইস্যুতে স্পেন সরকারের অবস্থানের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুও জানান, বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং আলী আহমাদ মাবরুর বৈঠকে আলোচনা চলাকালে উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন।