সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের ৯ কেন্দ্রীয় নেতার বিদায়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নয়জন নেতা সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সহকারী প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী।

নাজমুল হক মাহাদী বলেন, ছাত্রশিবিরে সাধারণত এক বছর মেয়াদি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। তবে সাংগঠনিক প্রয়োজন বিবেচনায় ছয় মাস মেয়াদেও কমিটি হতে পারে। কোনো দায়িত্বশীল ব্যক্তি উপযুক্ত কারণ উল্লেখ করে অব্যাহতি বা ছুটির আবেদন করলে কেন্দ্রীয় সভাপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত নেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নয় জন কেন্দ্রীয় সম্পাদক আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

সংগঠন থেকে বিদায় নেওয়া অন্য নেতারা হলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

তবে এই নেতাদের বিদায়ের কারণ বা তাঁদের পরবর্তী সাংগঠনিক পরিকল্পনা সম্পর্কে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।