রথযাত্রায় অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠানে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাঁকে বাসায় নিয়ে যান।

শায়রুল কবির খান আরও বলেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির মহাসচিব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রাম নিচ্ছেন এবং দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

দলীয় সূত্র জানায়, মির্জা ফখরুলের শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরা নিয়মিত নজর রাখছেন।