ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল

জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ থেকে কর্মসূচির সূচনা করে সংগঠনটির নেতাকর্মীরা।

জমায়েত শেষে প্রতীকী কফিন বহন করে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হন। এ সময় পুরো ক্যাম্পাসজুড়ে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার, রাষ্ট্র সংস্কার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে তারা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান এবং আন্দোলনের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ১৭ জুলাই ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী গণপ্রতিরোধের গুরুত্বপূর্ণ একটি দিন। তার ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়েই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান গড়ে উঠেছিল এবং সেই আন্দোলনের শক্তি এখনো মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি এখন রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন সময়ের দাবি। বর্তমান সরকারকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তার মতে, সেই আন্দোলন দেশের মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন পথ দেখিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত নির্যাতন, হত্যাকাণ্ড এবং সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।