ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি মন্তব্য করেছেন, দিল্লির বর্তমান পরিস্থিতিতে মোদিকেও হয়তো পালাতে হতে পারে এবং ধারণা করা হচ্ছে শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় শেখ হাসিনা সরকারের আমলের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় পূর্বের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে, যা ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তিনি আরও বলেন, দেশে এখনো ‘হাসিনা কাঠামো’ বহাল রয়েছে। গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও, যে রাজনৈতিক দলটি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল, তারাই এখন সেই কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ভারতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপি নেতা বলেন, “আমরা দেখেছি, শেখ হাসিনা যে দেশে যান, সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদিকেও পালাতে হতে পারে।”
পথসভা শেষে আগামী মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।