প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি জানান।
এর আগে গত রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য করা হয়েছে। পাশাপাশি ওই পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, বিএনপির একাধিক নেতাকর্মীর নজরে বিষয়টি আসার পর দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকে দায়ী করে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর তিনি পোস্টটি মুছে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। একই দিন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।