সংসদে হাসিনার 'যোগ্য প্রতিনিধি' রুমিন ফারহানা: রাশেদ খাঁন

গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যঙ্গাত্মক মন্তব্যের কথা তুলে ধরেন।

পাঠকদের জন্য রাশেদ খানের ফেসবুক পোস্টটি হুবহু নিচে তুলে ধরা হলো:

''গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামীলীগের মন্ত্রীদের সাথে বৈঠকের পর থেকে দুষ্ট সমন্বয়করা মজা করে হাসনাত আব্দুল্লাহকে 'হাসিনার আব্দুল্লাহ' বলে ডাকা শুরু করে। এমন কি ডিবি হেফাজতে যেসময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিলো, সেসময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিলো, গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসানাত-সারজিস!

আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতা হাসিনার আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে 'বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক' বলার পর থেকে দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়। চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামীলীগের বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা। সংসদে আওয়ামীলীগ তথা হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি!

এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনটাই আমার কথা নয়।''