গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের গ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, বর্তমানে বিদ্যুতের বড় ধরনের সংকট বা ভোগান্তি নেই। এর উদাহরণ হিসেবে নিজের দুই ফোনে চার্জ থাকার কথা উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রবিউল ইসলাম নয়ন।
গ্রামে বিদ্যুতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি, তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’
বিদ্যুতের ঘাটতি কমেছে বোঝাতে নিজের মোবাইল ফোনের প্রসঙ্গ টেনে যুবদল নেতা নয়ন বলেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’
বর্তমানে এলাকায় বিদ্যুতের আহামরি কোনো সংকট বা বড় ধরনের ভোগান্তি নেই বলেও দাবি করেন তিনি।