সেই সিফাতকে মুক্তি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সিফাতের গ্রেপ্তারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, অতিষ্ঠ ও বিরক্ত হয়ে একজন তরুণ কিছু কথা বলায় তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেন এতে দেশের পরিস্থিতি ওলটপালট হয়ে গেছে। তার অভিযোগ, সিফাতকে থানায় নিয়ে দলীয় সন্ত্রাসীরা হয়রানি করেছে।

তিনি বলেন, ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। একই সঙ্গে সিফাতকে মুক্তি না দিলে অতীতের বিভিন্ন আন্দোলনের প্রসঙ্গ টেনে সতর্ক করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সিফাতের বক্তব্যের ভাষাকে তারা সমর্থন করছেন না। তবে যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, সেই বিষয়ে মানুষের ক্ষোভ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এ বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের দাবির প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, তাদের ছয় দফা দাবি রয়েছে। এর সঙ্গে আরও একটি দাবি যুক্ত হবে। বাংলাদেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব তারা বরদাশত করবেন না। জনগণের অধিকার আদায় এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।