লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে: রিজভী

সংসদকে পাশ কাটিয়ে মাত্র ছয় মাসের মধ্যে রাজপথে ‘লংমার্চ’ কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিরোধী দল লংমার্চের কর্মসূচি ঘিরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। দলটির পক্ষ থেকেও এসব কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, প্রকাশ্যে এমন সব শব্দ ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষের সামনে উচ্চারণ করাও অনুচিত।

তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে তুলে ধরছে। এর মাধ্যমে তারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে তারা সরকারের সমালোচনা করলেও সমস্যা সমাধানে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে আলোচনা বা পরামর্শ না দিয়ে তারা রাজপথে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

দেশের রিজার্ভ বাড়ার মতো ইতিবাচক বিষয়গুলো বিরোধী দল জনগণের সামনে তুলে ধরছে না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, সরকারের বিভিন্ন অর্জন আড়াল করতেই বিরোধীরা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে।

রিজভী আরও বলেন, সরকার ব্যর্থ এমন অভিযোগ তুলে বিরোধী দল রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের পরিবর্তে সংসদের বাইরে আন্দোলনকে বেছে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে বলেও জানান রিজভী।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।