‘ভোগদখল রেখে সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে আগামী শুক্রবার (১০ সেপ্টেম্বর) দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ মুসলমান হওয়ায় তাদের ধর্মীয় বিধান পালনে সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকারও কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করবে না বলে অঙ্গীকার করেছে। কিন্তু দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই সরকার শরিয়াহবিরোধী আইন পাস করেছে বলে অভিযোগ করেন তিনি।
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আইনের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে তা বাতিলের দাবি করছে।
তিনি আরও বলেন, আইনটির বিষয়ে দেশের আলেমরা আগেই ভিন্নমত জানিয়েছেন। শরিয়াহসংক্রান্ত বিষয়ে খ্রিষ্টান পণ্ডিতদের রেফারেন্স ব্যবহার করে আইন প্রণয়ন করা দেশের ইতিহাস, ঐতিহ্য ও জ্ঞানচর্চার প্রতি উপেক্ষা বলে মন্তব্য করেন তিনি।
দলীয় মহাসচিব জানান, আগামী শুক্রবার দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইনটি নিয়ে দলের অবস্থান এবং শরিয়াহসংক্রান্ত ব্যাখ্যা তুলে ধরতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হবে।
সভায় দলের যুগ্ম মহাসচিবসহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।