ছয় দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে প্রস্তুতি বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। পরে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।
বৈঠকে লংমার্চ সফল করতে সংশ্লিষ্ট নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা কর্মসূচি বাস্তবায়নে মতামত ও পরামর্শ দেন।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ আগস্ট ছয় দফা দাবিতে চার বিভাগ অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ অনুষ্ঠিত হয়। আগামী ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা রয়েছে জোটটির।
জোটের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি-দখলদারি বন্ধ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।