জামায়াতের দ্বিতীয় লং মার্চের ঘোষণা

রংপুরে আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায়ও উপেক্ষা করেছে।

বিল পাসের সময় জামায়াতের দেওয়া মতামত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাদের অধিকাংশ মতামত সরকার আমলে নেয়নি। ভোটের আগে রাজনৈতিক নেতারা যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন না করলে সেটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার কারণেই মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে সেটিও তারা মেনে নেবেন না।

সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকারের পক্ষে স্বেচ্ছাচারিতা করা সম্ভব হবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না।

সরকারের কর্মকাণ্ডের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। আর খারাপ কাজ করলে বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলবেন।

র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, র‌্যাব জাতির সঙ্গে চরম অন্যায় করেছে বলেই তারা বাহিনীটির বিলুপ্তি চেয়েছিলেন। কিন্তু পুরোনো সদস্য ও আগের সব কার্যক্রম বহাল রেখে এসআরবি গঠনের মাধ্যমে শুধু নতুন মোড়ক দেওয়া হয়েছে।

সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানান ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, কোরআনের বিপরীতে সম্পদ বণ্টন আইন করা হয়েছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।