পুরোনো ফেসবুক পোস্ট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম দাবি করেছেন, ১২ বছর আগের একটি ফেসবুক আইডির পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে তার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির গুজব ও অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন হামিম। স্ট্যাটাসের সঙ্গে তিনি কয়েকটি স্ক্রিনশটও যুক্ত করেন।

ওই স্ক্রিনশটগুলোতে দেখা যায়, বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু কথা লিখেছেন হামিম। এর আগে একই ফেসবুক আইডির কিছু পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব পোস্টে একসময় ইসলামী ছাত্রশিবিরের পক্ষে হামিম লিখতেন বলে দেখা যায়।

আত্মপক্ষ সমর্থন করে রাতে দেওয়া স্ট্যাটাসে হামিম লেখেন, ‘ক্লাস ৮, তাও ২০১৪ সাল। আজ থেকে ১২ বছর আগের আইডি। সেটা নিয়ে গুজবকর্মে নেমেছে সাবেক ছাত্রলীগ ওরফে ইসলামী ছাত্রশিবির।’

তিনি আরও লেখেন, ‘একটি পোস্ট, সেখানে তৎকালীন সময়ের ছাত্রদলের সেক্রেটারিকে ট্যাগ দেয়া। সেটি নিয়েও অপপ্রচার করার চেষ্টা করছে। আমার আপন ছোটবোনের সাথে দেয়া ছবিতে আজেবাজে কমেন্ট করছে।’

এরপর আপলোড করা স্ক্রিনশটের প্রসঙ্গ টেনে ইংরেজিতে ‘CRY More’ লিখে স্ট্যাটাসটি শেষ করেন হামিম। সেখানে তিনি লেখেন, ‘যখন আমরা প্রকাশ্যে এসব বলি, তোমরা তখন লীগের মিছিলে স্লোগান দিতে।’