প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের পুরো ঘটনা জেনে তারপর মন্তব্য করা উচিত ছিল।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁনের দাবি, রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। তাঁর পোস্ট অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজের পাশে সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে।
পোস্টে তিনি আরও দাবি করেন, ওই সাবেক কর্মকর্তাদের অভিযোগ—অতীতে প্রভাব খাটিয়ে নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দীন ওই ৮ কাঠা জমি দখল করেছেন। রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে প্রায় ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সালমান মুক্তাদির স্টুডিও স্থাপন করেন।
রাশেদ খাঁন আরও লেখেন, নিউ গিনি প্রপার্টিজের ভেতরে এমনভাবে তিনটি নতুন গেট তৈরি করা হয়েছিল, যাতে পাশের জমির মালিকরা সেখানে প্রবেশ করতে না পারেন—এমন দাবি করেছেন সাবেক সরকারি কর্মকর্তারা। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তারা লোকজন নিয়ে গেট ভাঙতে গেলে নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমানের স্টুডিওতেও ভাঙচুর করা হয় বলে তাঁর পোস্টে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তা না করে শক্তি প্রদর্শনের পথ বেছে নেওয়ায় ঘটনাটি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপির কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, ঘটনার প্রকৃত প্রেক্ষাপট না জেনে বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে।
রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের উচিত ছিল ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জেনে মন্তব্য করা। তাঁর দাবি, সালমান চাঁদা না দেওয়ায় বিএনপির লোকজন স্টুডিও ভাঙচুর করেছে—এমন বক্তব্য দিয়েছেন, যদিও তাঁর মতে ঘটনার পেছনে জমি নিয়ে বিরোধ রয়েছে।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ শাস্তি হবে এবং সালমান ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে শনিবার রাতে ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, ঘটনাটি জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটেছে; চাঁদাবাজির অভিযোগের সঙ্গে হামলার যোগসূত্রের বিষয়টি পুলিশ অস্বীকার করেছে।