সরকারদলীয় নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচির ডাক দিয়েছেন কুমিল্লা-৪ আসনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ১ টাকা ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত এই কর্মসূচি গ্রহণের কথা লেখেন।
পোস্টের শুরুতে তিনি লেখেন- ‘১৭ বছর ধরে সরকারদলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন-আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’ পোস্টে হাসনাত লেখেন, ‘চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স।’
শেষে আবারও প্রকল্পের স্থান ও সময় উল্লেখ করে হাসনাত লেখেন- ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’