ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর পদত্যাগ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে আসনটি শূন্য হয়েছে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া উক্ত শূন্য আসন পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয়কেও অবহিত করা হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানায় প্রধানমন্ত্রী প্রেস উইং।

এদিন দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলা চালায় দুই শতাধিক মানুষ। পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় তারা।

১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে দ্রুত গতিতে চলছে সংস্কার।