বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন দূর্গোৎসব নিয়ে সরকার আশঙ্কায় রয়েছে। এই উৎসবকে ঘিরে ফ্যাসিস্টের দোসররা যেকোনও সময় নাশকতা সৃষ্টি করে আমাদের জাতিগত ঐক্যকে বিনষ্ট করে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলতে পারে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানেই ফ্যাসিস্টদের দোসররা এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে আসবে সেখানেই সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের নামকরণ পরিবর্তন নিয়ে তিনি আরও বলেন, ইতিহাস মুছে ফেলা ক্ষমার অযোগ্য অপরাধ। যেকোনও ইতিহাস মুছে ফেলা খুবই লজ্জাজনক ও ঘৃণিত কাজ। যারা ড. পিকে রায় উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় নামকরণ করেছে তাদের আমি ধিক্কার জানাই। আমি বর্তমান বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাছে অনুরোধ রাখবো তারা যেন এই বিদ্যালয়ের নামকরণ পুনরায় ড. পিকে রায় উচ্চ বিদ্যালয় নামকরণ করেন। ড. পিকে রায় ছিলেন একজন খুবই উচ্চ শিক্ষিত ও গুণী ব্যক্তি। তিনি কলকাতার একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন। ব্রিটিশরা তাকে ভারতের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত করেছিলেন। এমন একজন গুণী ব্যক্তিকে আমরা অবজ্ঞা করতে পারি না।
বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা ও শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আহসান উল্লাহ চৌধুরী, নফরুল ইসলাম খান আওয়াল, বিএনপি নেতা আতিকুর রহমান মানিক ও মো. আলী হোসেন প্রমুখ।