নাহিদ ইসলাম

গঙ্গা চুক্তি এ বছর শেষ, ভারতের থেকে ন্যায্য হিস্যা আদায় করে নেব

চলতি বছরেই মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তির বিষয়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশকে আর কখনোই অন্য কোনো আধিপত্যবাদী শক্তির অধীনে আসতে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক বিশাল নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও চাকরির বাজারে বাণিজ্যের প্রতিবাদে এনসিপি মাদারীপুর জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও ছিনতাই বহুগুণ বেড়েছে। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ভেতরে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বিদেশের মাটিতেও সফলতা দেখাতে পারছেন না।

এনসিপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, জুলাই সনদের কথা বলে বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। একইসঙ্গে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে তারা রাজপথে আছেন এবং ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এবার ভোটে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম মেনে নেওয়া হবে না। বর্তমান সরকার যদি নিজেদের জনগণের স্বার্থরক্ষাকারী দাবি করে, তবে কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে; অন্যথায় এটি গোপন সমঝোতার সরকার হিসেবে গণ্য হবে।

জাতীয় নাগরিক পার্টির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মনিরুল ইসলাম তুষার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জেলা সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ স্থানীয় নেতারা।