সংরক্ষিত নারী আসন-২৩: বিএনপির ৭০ মনোনয়ন ফরম বিক্রি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে ৩ লাখ ৫০ হাজার টাকা পেয়েছে বিএনপি।

শুক্রবার (১৬ অক্টোবর) দিন শেষে মোট ৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন ফরম বিক্রির দায়িত্বে থাকা এসকে সাদী।

আজ সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। প্রতি ফরমের মূল্য পাঁচ হাজার টাকা। ফরম সংগ্রহের পর তা জমা দিতে আরও ৫০ হাজার টাকা দিতে হবে। অর্থাৎ ফরম সংগ্রহ ও জমা দিতে একজন মনোনয়নপ্রত্যাশীকে মোট ৫৫ হাজার টাকা দিতে হবে।

মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা ফরম শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগ্রহী নারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।