স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এক বিবৃতিতে তিনি সরকারের বিরুদ্ধে অপতৎপরতার এ দাবি করেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকা বাদ দিয়ে কেবল সরকারি দলের প্রতিনিধিদের বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। এতে সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় এক ধরণের চরম বৈষম্য তৈরি হচ্ছে।
তিনি অভিযোগ করেন, সরকারি উন্নয়ন বরাদ্দের কথা বলে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি পৌরসভা ও সিটি করপোরেশনের অনির্বাচিত প্রশাসকেরা সরকারি সুবিধা ব্যবহার করে প্রচারণায় নামছেন।
ডাকসু ভিপি স্মরণ করিয়ে দেন, সরকারি উন্নয়ন প্রকল্প জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হয়, কোনো নির্দিষ্ট দলের অর্থে নয়। কোনো এলাকায় ভোট না দিলে উন্নয়ন বন্ধের হুমকি দেওয়া স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ভোটারদের হুমকি দেওয়া হলেও কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনগণের অধিকার খর্ব করা হলে অতীতে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল, বিএনপিকেও একই ধরনের পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।