ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী প্রচারণায় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ১১ দলীয় ঐক্য মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার বড়গাঁও ইউনিয়ন লক্ষীরহাট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
দেলাওয়ার হোসেন বলেন, আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক জয়ী হলে এলাকায় কোনো চাঁদাবাজ, মাস্তান বা দখলদারের স্থান থাকবে না। সুন্দর ও নিরাপদ ঠাকুরগাঁও গড়তে তিনি স্থানীয় ভোটারদের সহযোগিতা কামনা করেন।
প্রচারণায় বাঁধার অভিযোগ তুলে এই জামায়াত নেতা বলেন, সমর্থক ও সাধারণ ভোটারদের সভায় আসার পথে মোড়ে মোড়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে কোনো ধরনের হুমকি-ধমকিতে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি বরাদ্দের প্রতিটি টাকার পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দেন দেলাওয়ার হোসেন। তিনি জানান, বরাদ্দের পরিমাণ ও ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে এবং তিনি সরাসরি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
বক্তব্যে বিএনপির সমালোচনা করে তিনি দাবি করেন, গত সাত মাসে দলটি সাধারণ মানুষের আস্থা হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছে। সরকার ৬ দফা দাবি না মানলে ডিসেম্বরের পর জনগণই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে সতর্ক করেন তিনি।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়নে সৎ ও সাহসী নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান। বড়গাঁও ইউনিয়ন জামায়াতের উপদেষ্টা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ইউনিয়ন সম্পাদক হাতিম তাঈয়ের পরিচালনায় অনুষ্ঠানে একাধিক জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।