বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বীকৃত ও আইসিটি বিষয়ক পেশাজীবী সংগঠন ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (এনআইসিটিএফ)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। দেশ-বিদেশের প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে মোট ১০৪ জন সদস্য স্থান পেয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এই নতুন কমিটির তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশাজীবী এই ফোরামের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই পূর্ণাঙ্গ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। তাছাড়াও ড. মারুফ মল্লিকসহ আরও পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রাখা হয়েছে।
সংগঠনটির শীর্ষ নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো: মামুন অর রশীদ। অন্যদিকে সহ-সভাপতি পদে প্রকৌশলী রূপম রাজ্জাক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফুয়াদ হাসান মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের রিয়েল। এছাড়া দপ্তর সম্পাদক পদে মো: মিজানুর রহমান মুনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ ও বিদেশের আইসিটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা, গবেষক এবং সম্ভাবনাময় তরুণ প্রযুক্তিবিদদের এক ছাতার নিচে এনে এই কমিটি গঠন করা হয়েছে। এই পদক্ষেপ ফোরামের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে।
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের অনুমোদনে সংগঠনটির প্রথম রূপরেখা বা কমিটি আত্মপ্রকাশ করেছিল। সে সময় দেওয়া দিকনির্দেশনা ও গঠনতন্ত্রের ওপর ভিত্তি করেই এবার এই পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হলো।
নতুন কমিটি আগামী দিনে বিএনপির প্রযুক্তিগত ভিশনের সঙ্গে মিল রেখে কাজ করবে। দেশের আইসিটি পলিসি উন্নত করা, সেমিকন্ডাক্টর শিল্প বিস্তার ও ডিজিটাল সার্বভৌমত্ব নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।