আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে নিজের ফেসবুক দেওয়া পোস্ট আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’

এদিকে পোস্টটিতে বিমানের ভেতরে অবস্থান করা একটি ছবি যুক্ত করেন তিনি। ওই ছবিতে আসিফের সঙ্গে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।। তবে তারা কোথায় যাচ্ছেন সেটি উল্লেখ করেননি পোস্টে।

তবে, ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (ICAPP) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে তাদের সফরের সময় এ ছবিটি তোলা হয়েছে। এ অধিবেশনে যাচ্ছেন এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। এই সফর উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।

এ উপলক্ষে মঙ্গলবার নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে মনিরা শারমিন লেখেন, দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হচ্ছে! এনসিপির নেতৃবৃন্দের সফর উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় আপনাদের সবার সঙ্গে দেখা ও মতবিনিময়ের প্রত্যাশায় রইলাম। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের অনুরোধ জানিয়েছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া।